বাগডোগরায় ২৯৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, গ্রেপ্তার ১ যুবক

নেশার বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে আবারও বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বাগডোগরা থানার সাদাপোশাকের পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)-এর যৌথ অভিযানে ২৯৪ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুট্টাবাড়ি এলাকার মুনি চা বাগানের কাছে এনএইচ–৩১ সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে ওত পেতে ছিল পুলিশ। তল্লাশি চালিয়ে এক যুবকের কাছ থেকে ২৯৪ গ্রাম ব্রাউন সুগার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃতের নাম বিপুল সিংহ (২৬)। তিনি মালদার বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে অনুমান, বাগডোগরায় মাদক পাচারের উদ্দেশ্যেই সে এসেছিল। তবে তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় অভিযুক্ত।

পুলিশের তরফে জানানো হয়েছে, নেশা বিরোধী অভিযানে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ধৃতকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে এবং গোটা চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এই সাফল্যের পর এলাকাবাসী পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁদের আশা, ভবিষ্যতেও একইভাবে কঠোর পদক্ষেপ নিয়ে বাগডোগরা ও শিলিগুড়িকে মাদকমুক্ত রাখতে প্রশাসন সচেষ্ট থাকবে।