দিনহাটার বামনহাট রেলস্টেশন সংলগ্ন এলাকায় এক পুকুরের ধারে পড়ে থাকা তিনটি ট্রলি ব্যাগ ও তিনটি পিঠব্যাগ ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে পরিত্যক্ত ব্যাগগুলি।
অস্বাভাবিক পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা ও সঙ্গে সঙ্গে সাহেবগঞ্জ থানায় খবর দেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্যাগগুলি খুলে দেখা যায়, সবকটিতেই ছিল গাঁজা। মোট ৮৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, বিপুল পরিমাণ এই গাঁজা ট্রেনের মাধ্যমে পাচারের উদ্দেশ্যে এলাকায় আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, স্টেশন সংলগ্ন পুকুরপাড়ে ব্যাগগুলি লুকিয়ে রেখে পরে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে তোলার পরিকল্পনা ছিল পাচারকারীদের। তবে স্থানীয়দের নজরে পড়ে যাওয়ায় আতঙ্কে ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। ফলে বড়সড় পাচারের ছক ভেস্তে যায়।
ঘটনায় সাহেবগঞ্জ থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। কারা এই পাচারচক্রের সঙ্গে যুক্ত ও এর পেছনে বড় কোনও নেটওয়ার্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
