মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে নির্বাচন লড়ার সুযোগ দিতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কলকাতা হাই কোর্ট। মামলায় জড়িত থাকার কারণে এতদিন জেলে থাকা রাকেশ সিং যাতে ভোটে অংশ নিতে পারেন, সেই কারণেই বিশেষ শর্তসাপেক্ষে তাঁকে অস্থায়ীভাবে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সুযোগ করে দিতে রাকেশ সিংকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ এই নির্দেশ দেয় এবং স্পষ্ট জানিয়ে দেয়, এই জামিন শুধুমাত্র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যেই দেওয়া হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে রাকেশ সিং মুক্তি পাবেন। তবে তাঁর উপর একাধিক শর্তও আরোপ করা হয়েছে। জামিনের শর্ত হিসেবে বলা হয়েছে, তাঁকে কলকাতা পোর্ট বিধানসভা এলাকার মধ্যেই অবস্থান করতে হবে। শুধুমাত্র মনোনয়ন জমা দেওয়া বা রিটার্নিং অফিসারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগের জন্য তিনি ওই এলাকা ছাড়তে পারবেন। এছাড়াও ভোট গণনার দিনেও তাঁর বাইরে যাওয়ার অনুমতি থাকবে।
