শিলিগুড়িতে বিএলও কর্মীর অস্বাভাবিক মৃ*ত্যু!

কাজের অতিরিক্ত চাপ ও মানসিক অবসাদের জেরেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন এক বিএলও কর্মী এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। মর্মান্তিক ঘটনাটি শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ড এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃত ব্যক্তির নাম শ্রাবণ কুমার কাহার। তিনি পেশায় একজন প্রাইমারি স্কুল শিক্ষক ও পাশাপাশি বিএলও কর্মী হিসেবে কর্মরত ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি মানসিক চাপে ভুগছিলেন। কাজের চাপ ও দায়িত্বের ভার ক্রমশ বেড়ে যাওয়ায় তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েন বলে দাবি।

ঘটনার দিন শ্রাবণ কুমার তিস্তার পাহাড়ি এলাকায় গিয়ে নদীতে ঝাঁপ দেন বলে জানা যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁর দেহ উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।

অভিযোগ, কাজের অতিরিক্ত চাপ ও মানসিক অবসাদ থেকেই এই মর্মান্তিক সিদ্ধান্ত। যদিও মৃত্যুর প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ও সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।