মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার চলছে SIR-এর কাজ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে যাতে রক্তপাত বা হিংসার কোনও ঘটনা না ঘটে, সেই দাবিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।
মামলাকারী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদনও জানিয়েছেন। আবেদনকারীর বক্তব্য, সাম্প্রতিক কয়েকটি নির্বাচনের আগে ও পরে যে হিংসার ঘটনা ঘটেছে, তা রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে গভীরভাবে প্রভাবিত করেছে। পিটিশনে দাবি করা হয়েছে, বিভিন্ন জেলায় প্রাণহানি, অগ্নিসংযোগ, ভাঙচুর, মহিলাদের উপর নির্যাতন এবং সাধারণ ভোটারদের ভয় দেখানোর মতো একাধিক ঘটনা সামনে এসেছে।
বিশেষ করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের নানা প্রান্তে ব্যাপক হিংসার অভিযোগ ওঠে। বহু মানুষ ঘরছাড়া হয়েছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। সেই সময় বিষয়টি দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। আবেদনকারী আরও জানিয়েছেন, আগামী নির্বাচনে যাতে অবাধ ও নির্ভয়ে ভোটগ্রহণ নিশ্চিত করা যায়, তার জন্য স্পর্শকাতর এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া জরুরি।
