ন্যায্য দাবির ভিত্তিতে ইসলামপুর শহরজুড়ে বিক্ষোভ মিছিল করলেন আশা কর্মীরা। কয়েক শতাধিক আশা কর্মী এদিন ইসলামপুর বাস টার্মিনাস থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করেন। শহর পরিক্রমা শেষে পুনরায় বাস টার্মিনাসে এসে মিছিল শেষ হয়।
মিছিল শেষে আশা কর্মীরা স্পষ্ট জানিয়ে দেন, যতদিন পর্যন্ত তাঁদের দীর্ঘদিনের দাবিগুলি পূরণ না হবে, ততদিন এই আন্দোলন ও কর্মবিরতি চলবে। কম ভাতা, অনিয়মিত ইনসেনটিভ ও কর্মক্ষেত্রে নানা সমস্যার প্রতিবাদেই এই আন্দোলন বলে জানান আন্দোলনকারীরা।
অন্যদিকে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে আশা কর্মীদের অবস্থান বিক্ষোভ হয়। আশা কর্মীদের আন্দোলনে পুলিশের দমন- পীড়নের অভিযোগ তুলে শিলিগুড়িতে অনুষ্ঠিত হয় এক নাগরিক কনভেনশন।
আয়োজিত এই কনভেনশনে অভিযোগ করা হয়, ন্যায্য দাবিতে আন্দোলন করতে গিয়ে আশা কর্মীরা পুলিশের মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের শিকার হয়েছেন।
কনভেনশনে জানানো হয়, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কাজ করা প্রায় ৮০ হাজার আশা কর্মী দীর্ঘদিন ধরে অত্যন্ত কম ভাতা ও অনিয়মিত ইনসেনটিভের মধ্যে কাজ করছেন। তাঁদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে ন্যূনতম মাসিক ১৫ হাজার টাকা ভাতা, সমস্ত বকেয়া ইনসেনটিভ এককালীন পরিশোধ, মাসিক ভিত্তিতে ইনসেনটিভ প্রদান ও ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি।
এছাড়াও স্বাস্থ্য ভবন অভিযানের সময় আশা কর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ ও হয়রানির অভিযোগ ওঠে। কনভেনশনের আয়োজকদের বক্তব্য, এটি গণতান্ত্রিক আন্দোলনের উপর সরাসরি আঘাত। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আশা কর্মীদের ন্যায্য দাবির সমর্থনে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
