আলিপুরদুয়ারের মনোজিৎ নাগ স্ট্যান্ড সংলগ্ন দ্বীপচর পাড়া এলাকায় ভর দুপুরে দুঃসাহসীক চুরির ঘটনা। ঘটনায় কয়েক লক্ষ টাকার সোনার গয়না খোয়া গেছে বলে অভিযোগ। জানা গিয়েছে, নিত্যদিনের মতোই শ্রীকান্ত দাস ও তাঁর স্ত্রী বাড়ির পাশেই নিজেদের ব্যাগ কারখানায় কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে এক যুবক বাড়ির পিছন দিক দিয়ে ঢুকে পড়ে। অভিযোগ, বিছানার নিচে রাখা আলমারির চাবি বের করে লকার খুলে ফেলে সে।
সেখান থেকে প্রায় ছ’টি সোনার হার, একাধিক আংটি, সোনার চুড়ি সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয়। পরিবারের এক সদস্য সন্দেহজনকভাবে যুবকটিকে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে অভিযুক্ত পাশের ঝোপে পায়ের জুতো ও টাকা ফেলে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। পরে ঘরে ঢুকে আলমারি তল্লাশি করে পরিবারের সদস্যরা দেখতে পান, কয়েক লক্ষ টাকার সোনার অলংকার উধাও। ঘটনার খবর দেওয়া হয় আলিপুরদুয়ার সদর থানা-তে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ও অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ভর দুপুরে এমন দুঃসাহসীক চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
