বড়সড় সাফল্য পেল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খয়ের কাঠ উদ্ধার করলেন বনকর্মীরা। ঘটনায় গ্রেফতার হয়েছে ৬ জন। ধৃতরা বিভিন্ন রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে।
বনদফতর সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই খয়ের কাঠ চোরাচালানের গতিবিধির উপর নজরদারি চালাচ্ছিল জলদাপাড়ার দক্ষিণ রেঞ্জের দল। সেই সূত্র ধরেই রাত প্রায় ৩টা নাগাদ আলিপুরদুয়ারের পুটিমারি মোড়ে দুটি সন্দেহজনক গাড়ি আটক করা হয়। আটক গাড়িগুলির মধ্যে একটি বড় ক্যান্টার ট্রাক, যা খয়ের কাঠের লগে বোঝাই ছিল। অন্যটি একটি ছোট চারচাকা গাড়িতে যা ওই চালানটি এসকর্ট করছিল বলে অভিযোগ।
অভিযানে বিপুল পরিমাণ খয়ের লগ বাজেয়াপ্ত করা হয়েছে। বনকর্মীদের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এটি একটি সুসংগঠিত আন্তঃরাজ্য চোরাচালান চক্র। এই চক্রটি অসম, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, বিহার সহ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সক্রিয় ছিল বলে অনুমান।
গ্রেফতার হয়েছে যশ পাল (৫৩) হিমাচল প্রদেশ, মোঃ সোহেল (৩১) কোচবিহার, স্বপন দাস (৩৪) জলপাইগুড়ি, সোহেল রানা (২৪) কোচবিহার, মনু কুমার (২৫) বিহার, রোহিত (২৩) হিমাচল প্রদেশ।
অভিযুক্তদের বিরুদ্ধে বন ও বন্যপ্রাণী সুরক্ষা আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। চোরাচালানে ব্যবহৃত উভয় যানবাহনও জব্দ করেছে বনদফতর। বনদফতর সূত্রে আরো খবর, ধৃতদের শুক্রবার আলিপুরদুয়ার সিজেএম আদালতে তোলা হবে।
পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। তদন্ত চলছে।
