রোজকার ডিমে নতুন টুইস্ট, ঘি-ফোঁড়নে দইয়ের রোস্ট

হাতে সময় কম থাকলে অনেকেরই প্রথম পছন্দ ডিম। ভুর্জি, অমলেট থেকে ঝোল ছাড়াও রোজকার ডিম রান্নায় একঘেয়েমি কাটাতে বানিয়ে ফেলুন টক দই দিয়ে ডিমের রোস্ট। বিনা তেলেই রান্না হবে এটি। বাড়ির সকলের জন্য উপযুক্ত এই পদ।

কী কী লাগবে

ডিম ৬টি

মাখন বা ঘি ১ টেবিল চামচ

গোটা গরমমশলা এক চিমটে

তেজপাতা ২টি

টক দই ৩ টেবিল চামচ

পেঁয়াজের রস ৩ টেবিল চামচ

আদাবাটার রস দেড় টেবিল চামচ

কাঁচালঙ্কা ৪-৫টি

কিশমিশ একমুঠো

নুন স্বাদমতো

গোলমরিচ স্বাদমতো

কীভাবে বানাবেন

ডিমগুলি আগে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। তারপর কাঁটা চামচ দিয়ে ডিমের চারপাশে হালকা করে ছোট ছোট ছিদ্র করে রাখুন। অন্যদিকে, জলে কিছুক্ষণ কিশমিশ ভিজিয়ে রেখে নরম হলে থেঁতো করে নিন। এরপর একটি বড় পাত্রে দই, পেঁয়াজবাটা, আদাবাটা ও নুন একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিন। ফেটানো মিশ্রণে থেঁতো করা কিশমিশ মিশিয়ে দিন। এবার সেদ্ধ ডিমগুলি সেই মিশ্রণের মধ্যে দিয়ে ঢেকে রাখুন। পাত্রে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিন, যাতে মশলা ডিমের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। মাঝে মাঝে ঢাকনা খুলে আলতো করে নেড়ে দিন। এবার কড়াইয়ে ঘি বা মাখন দিন। গরম হলে থেঁতো করা গোটা গরমমশলা ও তেজপাতা ফোঁড়ন দিন। এরপর দই মশলার মিশ্রণসহ ডিম কড়াইয়ে ঢেলে দিন। আগে থেকেই নুন দেওয়া আছে, তাই নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। তবে চাইলে রান্নার মাঝখানে স্বাদ দেখে নিতে পারেন। ঢিমে আঁচে ধীরে ধীরে কষাতে থাকুন। দই থেকে তেল আলাদা হতে শুরু করলে স্বাদ অনুযায়ী অল্প চিনি মেশাতে পারেন। যদি টক বেশি লাগে, তবে একটু বেশি চিনি দেওয়া যায়। তবে অতিরিক্ত চিনি ব্যবহার না করাই ভালো।

গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ডিমের রোস্ট।