রাতের অন্ধকারে জঙ্গলের বুক চিরে বেড়িয়ে যাওয়া জাতীয় সড়কে ঘুরে বেড়াচ্ছে দুটি হাতি। জাতীয় সড়কে জোড়া হাতির ঘুরে বেড়ানোর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হল। জানা গেছে, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের লাটাগুড়ি জঙ্গলের মহাকাল ধাম সংলগ্ন এলাকায়।
জানা যায়, চালসা এলাকার বাসিন্দা রেনু রায় মঙ্গলবার রাতে সপরিবারে জলপাইগুড়ি থেকে চালসার দিকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে মহাকাল ধাম সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে গাড়ির হেডলাইটে তারা দুটি হাতিকে জাতীয় সড়কের উপরে দেখতে পায়। এরপরই চালক গাড়ি থামিয়ে দেয়। সেই সময়ই গাড়ির ভিতরে থাকা রেনু রায় মোবাইলে হাতির ভিডিও করেন।
প্রায় ১৫ মিনিট পর হাতি দুটি ফের জঙ্গলে চলে গেলে তারা আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। রেনু রায়ের তোলা সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। উল্লেখ্য জঙ্গলের বুক চিরে বেড়িয়ে যাওয়া এই সড়কে দিন ও রাতে সাবধানে যানবাহন চালানোর নির্দেশিকা জারি করেছে বনদপ্তর।
