কেলেঘাই নদীর তীরে চলছিল নিষিদ্ধ আফিম তৈরির নীল নকশা। বিঘার পর বিঘা জমিতে রমরমিয়ে চলছিল বেআইনি পোস্ত চাষ। কিন্তু শেষরক্ষা হলো না। গোপন সূত্রে খবর পেয়ে পটাশপুর ১ নম্বর ব্লকে এক বিশাল মাদকবিরোধী অভিযান চালিয়ে সেই সাম্রাজ্য ধূলিসাৎ করে দিল পুলিশ ও প্রশাসন। পুলিশি অভিযানে তছনছ করে দেওয়া হয়েছে পোস্ত খেত। ঘটনাস্থল থেকে প্রায় ১৪০ কেজি পোস্ত গাছ ও ঢুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিপুল পরিমাণ কাঁচামাল পাচারের উদ্দেশ্যেই মজুত করা হয়েছিল বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, পোস্তর আঠা থেকেই তৈরি হয় মারাত্মক মাদক আফিম। অর্থনৈতিকভাবে এক বিঘা জমিতে পোস্ত চাষ করলে প্রায় তিন লক্ষ টাকা পর্যন্ত উপার্জন সম্ভব, যা চাষিদের এই নিষিদ্ধ পথে পা বাড়াতে প্রলুব্ধ করে। তবে আইনত এই চাষ দণ্ডনীয় অপরাধ। সরকারি নিয়ন্ত্রণে কোথাও পোস্ত চাষ হলেও, নিয়ম অনুযায়ী উৎপাদনের পর তার খোলাগুলি সম্পূর্ণ নষ্ট করে দিতে হয়।
“মাদক বিরোধী অভিযান চালিয়ে কয়েক বিঘা বেআইনি পোস্ত চাষ নষ্ট করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। যারা যারা এর মধ্যে জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”বলেন ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে।
