‘অ্যাকিউজড’-এর থ্রিলিং ট্রেলার লঞ্চ করেছে নেটফ্লিক্স। অনুভূতি কাশ্যপ পরিচালিত এবং ধর্ম প্রোডাকশন প্রযোজিত এই চলচ্চিত্রটি একটি আদ্যপান্ত সাইকোলজিকাল থিলার ড্রামা। কঙ্কনা সেনশর্মা এবং প্রতিভা রান্তা অভিনীত এই ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৭ ফেব্রুয়ারি। ট্রেলারটিতে দেখা যাচ্ছে ডাক্তার গীতিকা সেনের জীবনের একটি রোমহর্ষক ঝলক। তিনি একজন খ্যাত ও শ্রদ্ধেয় সার্জন এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ। কর্মক্ষেত্রে যৌন অসদাচরণের অভিযোগ সামনে আসার পর তার সাজানো পৃথিবীটা পালটে যেতে শুরু করে। তদন্ত যত গভীরে প্রবেশ করে এবং মানুষের বিচারের কণ্ঠস্বর যত জোরালো হয়, সেই ফাটল তার ব্যক্তিগত জীবনেও দেখা দিতে শুরু করে; বিশেষ করে ডাক্তার মীরার সঙ্গে তার দাম্পত্য সম্পর্কের ওপর প্রভাব পড়ে।
শান্ত অথচ উত্তেজনা ও আবেগ সংযম রাখার আবহে বানানো এই ‘অ্যাকিউজড’ কোনো সস্তা চাঞ্চল্য বা সেনসেশনালিজমের আশ্রয় নেয় না, বরং গোটা গল্পতে এটি অস্পষ্টতা বা ধোঁয়াশার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে। এই চলচ্চিত্রটিতে দর্শকদের উত্তর দেওয়ার কোনো তাড়াহুড়ো নেই; এটি অস্বস্তি বজায় রেখে, দর্শকদের নিজেদের পক্ষপাতিত্বের মুখোমুখি হয়ে ও ভঙ্গুর সত্যকে প্রশ্নবানে জর্জরিত করতে বাধ্য করে। ট্রেলারটি প্রসঙ্গে পরিচালক অনুভূতি কাশ্যপ বলেন, “যখন আমাদের স্বচ্ছতা বা স্পষ্টতা কেড়ে নেওয়া হয়, তখন কী ঘটে, ‘অ্যাকিউজড’-এর মাধ্যমে আমি সেটাই খুঁজতে চেয়েছি।” কঙ্কনা সেনশর্মা ট্রেলার প্রসঙ্গে বলেন, “গীতিকা এমন একজন নারী যিনি নিজের কাজ, নিজের বিশ্বাসযোগ্যতা এবং নিজের চারপাশ নিয়ন্ত্রণে রাখতে অভ্যস্ত। তদন্তের মুখে তার মানসিক বিপর্যয় আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমি খুশি যে নেটফ্লিক্স দর্শকদের সামনে এমন একটি গল্প নিয়ে আসছে, যা বাহ্যিক আড়ম্বরের চেয়ে অভিনয় এবং নিস্তব্ধতার ওপরেই বেশি ভরসা রাখে।”
ডাক্তার মীরার ভূমিকায় অভিনয় করা প্রতিভা রান্তা বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে নেটফ্লিক্স নারীদের নিয়ে এই ধরণের বাস্তব এবং জটিল গল্পগুলো তুলে ধরছে।” দেখুন অ্যাকিউজড’-এর প্রিমিয়ার ২৭ ফেব্রুয়ারি থেকে শুধুমাত্র নেটফ্লিক্সে।
