পুলিশের মানবিকতায় রক্ষা পেল মাধ্যমিক ছাত্রী

নির্বিঘ্নেই শুরু হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। তবে পরীক্ষা শুরুর মুহূর্তে বিপাকে পড়েছিল এক ছাত্রী। রেজিস্ট্রেশন কার্ড ভুলে যাওয়ায় পরীক্ষা দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়ে সে। কিন্তু সময়মতো মানবিক উদ্যোগে পরিস্থিতি সামাল দিল উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশের ট্রাফিক গার্ড।

ইসলামপুর থানার স্টেট ফার্ম কলোনি হাইস্কুলের ছাত্রী রাখী দে এদিন মাধ্যমিক পরীক্ষা দিতে আসে ইসলামপুর বালিকা বিদ্যালয়ে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছে সে বুঝতে পারে, বাড়িতেই রয়ে গেছে তার রেজিস্ট্রেশন কার্ড। দ্রুত টোটো করে বাড়ি ফেরার পথে ট্রাফিকে ডিউটি করা এক সিভিক ভলান্টিয়ারের নজরে পড়ে বিষয়টি।

পরিস্থিতির গুরুত্ব বুঝে ওই সিভিক ভলান্টিয়ার নিজের বাইকে করে ছাত্রীকে তার বাড়িতে নিয়ে যান। বাড়ি থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে দ্রুত আবার পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন তিনি। ফলে অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় নথি হাতে পেয়ে পরীক্ষায় বসতে সক্ষম হয় ওই ছাত্রী।