বাগডোগরা থানার অন্তর্গত গোঁসাইপুরের বুড়ি বালাসন এলাকার কাছে রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত যুবকের নাম বিজয়। তিনি গোঁসাইপুর এলাকারই বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, পরিবারে স্ত্রী ও সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে একজন ব্যক্তি দূর থেকে ঘটনাটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন ও চিৎকার শুরু করেন।এরপর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে রেললাইনের পাশে যুবকের দেহ পড়ে থাকতে দেখেন। ট্রেনে কাটা পড়েই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
এদিকে ঘটনাকে ঘিরে রেল প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ঘটনার প্রায় এক ঘণ্টা কেটে গেলেও দেহ উদ্ধার বা পরিস্থিতি সামাল দিতে দ্রুত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি দেহ পড়ে থাকার মধ্যেই ওই লাইনে ট্রেন চলাচল অব্যাহত ছিল বলেও অভিযোগ ওঠে।
স্থানীয়দের দাবি, গেটম্যানকে বিষয়টি জানানো হলেও শুরুতে কোনও সাড়া মেলেনি। পরে এলাকাবাসীরা প্রতিবাদ জানালে রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত রেল ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
