আকাশে আমিরের ঘুড়ি, অরিজিতের বাড়িতে হঠাৎ হাজির বলিউডের ‘পারফেকশনিস্ট’ – জল্পনায় তুঙ্গে ভক্তমহল

এক হাতে লাটাই, অন্য হাতে ঘুড়ির সুতো। মুক্ত আকাশে উড়ছে হলুদ পেটকাটি ঘুড়ি। দৃশ্যটা যেন ঠিক ‘১৯৪৭ আর্থ’ ছবির পর্দা ছেড়ে বাস্তবে নেমে এসেছে। তবে এ বার বড়পর্দা নয় বাস্তবেই ঘুড়ি ওড়াচ্ছেন বলিউডের পারফেকশনিস্ট আমির খান। স্থান মুর্শিদাবাদের জিয়াগঞ্জ, প্রখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের বাড়ির ছাদ। দুপুরবেলা কোনও রকম ভিআইপি মুভমেন্টের আগাম খবর ছাড়াই আচমকা জিয়াগঞ্জে হাজির হন আমির খান। জেলা পুলিশ বা স্থানীয় থানার কাছেও আগে থেকে কোনও তথ্য ছিল না। বম্বার জ্যাকেট ও হালকা জলপাই রঙের ট্রাউজারে অরিজিতের বাড়ির গলিপথ ধরে হেঁটে যেতে দেখা যায় তাঁকে।

প্রথমে চোখে বিশ্বাস না হলেও, মুহূর্তের মধ্যেই বুঝে যান স্থানীয় বাসিন্দারা ইনিই তো ‘থ্রি ইডিয়টস’-এর র‍্যাঞ্চো! মোবাইল ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়তেই ভিডিও ভাইরাল হয়, জমতে শুরু করে ভিড়। পরিস্থিতি সামাল দিতে পরে পুলিশকে আসতে হয়। কেন হঠাৎ এভাবে অরিজিতের বাড়িতে আমির খানের আগমন তা নিয়ে শুরু হয় জোর জল্পনা। বিনোদন জগতের একাংশের দাবি, প্লেব্যাক থেকে সদ্য অবসর নেওয়া অরিজিতকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানাতেই নাকি এসেছেন আমির। কারও মতে, নতুন কোনও প্রজেক্টে দু’জনের একসঙ্গে কাজ করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এই বিষয়ে আমির বা অরিজিত কারও তরফেই কোনও মন্তব্য জানা যায়নি। উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও কথা বলেননি তাঁরা।

সূত্রের খবর, দুপুরে অরিজিতের বাড়িতেই নিপাট বাঙালি মেনুতে লাঞ্চ সারেন বলিউড তারকা। বাসমতি চালের ভাত, বাটার নান, চিকেন কষা, মাটন কষা, মিক্সড ভেজ, পনির বাটার মশলা-সহ একাধিক পদ ছিল মধ্যাহ্নভোজে। বিকেলে ছাদে ঘুড়ি ওড়ান আমির, সন্ধ্যায় অরিজিতের স্টুডিওতে দীর্ঘক্ষণ আড্ডা দেন দু’জনে। জানা গিয়েছে, মধ্যরাতে অরিজিতের বাড়ি ছেড়ে বহরমপুরের একটি বিলাসবহুল হোটেলে ওঠেন আমির খান। তখনও হোটেলের সামনে ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ তাঁর মুম্বই ফিরে যাওয়ার কথা। তবে হঠাৎ এই সফর ও দুই তারকার ঘনিষ্ঠ সাক্ষাৎ ভক্তদের কৌতূহল বাড়িয়েছে বহুগুণ।