আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজগঞ্জে জনসভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১ এপ্রিল দুপুরে রাজগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে এই জনসভা অনুষ্ঠিত হবে।
জানা গিয়েছে, রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সুদামগঞ্জ এলাকার একটি মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই সভাকে ঘিরে জোর প্রস্তুতি শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। শনিবার সেই নির্ধারিত সভাস্থল পরিদর্শনে আসেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর রায়।
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজউদ্দিন আহমেদ, মহাম্মদ জাকির, অর্জুন দাস, তুষার কান্তি দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। পরিদর্শনের সময় জনসভার মূল মঞ্চ কোথায় হবে, কোথায় দর্শকদের বসার ব্যবস্থা করা হবে ও হেলিপ্যাড তৈরির সম্ভাব্য স্থান সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখেন নেতৃত্বরা।
পাশাপাশি নিরাপত্তা ও যানবাহন চলাচল নিয়েও আলোচনা হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসভাকে ঘিরে রাজগঞ্জ জুড়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে ও বিপুল জনসমাগমের প্রত্যাশা করা হচ্ছে।
