উচ্চমাধ্যমিক পরীক্ষায় গার্ড দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন একাধিক শিক্ষক-শিক্ষিকা।
মঙ্গলবার জলপাইগুড়ি শহরের বালাপাড়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, একটি ম্যাজিক ভ্যানে চেপে শিক্ষক-শিক্ষিকারা জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি-র উদ্দেশে রওনা হয়েছিলেন। সেই সময় পিছন দিক থেকে একটি দ্রুতগতির গাড়ি এসে ম্যাজিক ভ্যানটিকে ধাক্কা মারে। ধাক্কার জেরে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় ও ভ্যানের যাত্রীরা আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন।
অভিযোগ, ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা ধাক্কা মারা গাড়িটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।
