নাবালক খু*নে গ্রেপ্তার অভিযুক্ত!

মাটিগাড়ায় নাবালক হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত রাজ পাসোয়ানকে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার শিলিগুড়ি থেকে পালানোর চেষ্টা করার সময় কাওয়াখালি এলাকা থেকে তাকে আটক করে মাটিগাড়া থানার পুলিশ।

বুধবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় ও পুলিশি রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার টোটো চালক রাজ পাসোয়ান ১৫ বছরের নাবালক শুভজিৎ মোদককে ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ হয়ে পড়ে শুভজিৎ।

পরিবারের পক্ষ থেকে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে।

এদিকে ছেলেকে খুঁজে না পেয়ে থানার সামনে বিক্ষোভ দেখান শুভজিতের পরিবারের সদস্যরা।

তদন্ত চলাকালীন সোমবার গভীর রাতে শুকনা ফরেস্ট এলাকা থেকে শুভজিতের মৃতদেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়।

দোষীর কঠোর শাস্তির দাবিতে পরিবার ও স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন।

ঘটনার পর থেকেই অভিযুক্তকে ধরতে জোরদার তৎপরতা শুরু করে পুলিশ। অবশেষে মঙ্গলবার কাওয়াখালি এলাকা থেকে রাজ পাসোয়ানকে গ্রেপ্তার করা হয়।

 বুধবার তাকে আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ।