মার্কিন আদালতে চলা মামলায় মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)-র সঙ্গে আলোচনার অগ্রগতি জানাতে ৩০ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছেন গৌতম আদানি ও তাঁর ভাতিজা সাগর আদানির আইনজীবীরা। ২২ জানুয়ারি এসইসি ই-মেলের মাধ্যমে সমন পাঠানোর অনুমতি চেয়ে আবেদন করার পরদিনই আদানিদের পক্ষে নিউ ইয়র্কের আইন সংস্থা সুলিভান অ্যান্ড ক্রোমওয়েল এলএলপি এসইসি-র সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করে। এর পরদিন আইনজীবীরা নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতের কাছে আবেদন জানান, আলোচনাটি শেষ না হওয়া পর্যন্ত এসইসি-র আবেদনের উপর রায় স্থগিত রাখা হোক। আদালত উভয় পক্ষকে ২৬ জানুয়ারির মধ্যে আলোচনার অগ্রগতি জানাতে নির্দেশ দিয়েছে।
এর আগে, ২০২৫ সালের এপ্রিলে ভারতের আইন মন্ত্রক এসইসি-র একটি অনুরোধ খারিজ করেছিল। মন্ত্রকের মতে, পাঠানো নথিগুলিতে যথাযথ সিল ও স্বাক্ষর না থাকায় সেগুলির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
