দু*র্ঘটনা ঠেকাতে ট্রাফিক নিয়ন্ত্রণে ক*ড়া বার্তা প্রশাসনের

শহর শিলিগুড়ি ও আশপাশের এলাকায় পরপর সড়ক দুর্ঘটনার ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। পরিস্থিতি সামাল দিতে ও এমন ঘটনা রুখতে আরও কঠোর পদক্ষেপ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

প্রতিদিন রাত দশটা থেকে শহরের চারটি গুরুত্বপূর্ণ মোড়ে লাগাতার নাকা তল্লাশি চালানো হবে। এর মধ্যে রয়েছে জলপাই মোড়, পানিট্যাঙ্কি মোড়, শালুগাড়া চেকপোস্ট ও মাটিগাড়া এলাকার গুরুত্বপূর্ণ অংশ।

এই তল্লাশিতে গাড়ির বৈধ নথিপত্র খতিয়ে দেখার, গাড়ির গতির পরীক্ষার পাশাপাশি বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে নেশাগ্রস্ত গাড়ি চালকদের চিহ্নিত করার দিকে। প্রয়োজনে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।

জানা যায়, পুলিশ কমিশনার শ্রী সুদাকরের নির্দেশে বুধবার রাতে সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী শামসুদ্দিন আহমেদ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এডিসিপি (ট্রাফিক) অভিষেক মজুমদার, অনিবার মজুমদার, এসিপি (হেডকোয়ার্টার) সুবীর দত্ত ও এসিপি (ট্রাফিক) ত্রিদীপ সরকার। এছাড়াও বিভিন্ন ট্রাফিক গার্ডের ওসি ও ইন্সপেক্টররাও সামিল ছিলেন। ভক্তিনগর চেকপোস্ট থেকে শুরু হওয়া এই পরিদর্শন পরে পানিট্যাঙ্কি মোড়, জলপাই মোড় ও মাটিগাড়া এলাকায় গিয়ে শেষ হয়।

ডিসিপি (ট্রাফিক) কাজী শামসুদ্দিন আহমেদ জানান, “দুর্ঘটনা রুখতে ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।” নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।

প্রশাসনের এই পদক্ষেপে শহরবাসীর মধ্যে সচেতনতা বাড়বে বলেই মনে করছে পুলিশ মহল।