বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলা -অসম সীমানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। সেই তৎপরতার ফলেই বক্সিরহাট থানার অন্তর্গত একাধিক নাকা চেকিং পয়েন্টে তল্লাশি চালিয়ে মোট প্রায় ৩ লক্ষ ১৩ হাজার ৮৫৭ টাকা নগদ উদ্ধার করল পুলিশ ও এসএসটি টিম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ও সোমবার সকালে পৃথক দুটি নাকা চেকিং পয়েন্ট জোড়াই মোড় ও সংকোশ এলাকায় এই অভিযান চালানো হয়। রবিবার রাতে জোড়াই মোড়ে একটি চারচাকা গাড়ি আটক করে তল্লাশি চালানো হলে গাড়ির ভিতর থেকে একটি ব্যাগে থাকা ৫৭ হাজার ৭০০ টাকা উদ্ধার হয়।
গাড়িতে থাকা দার্জিলিংয়ের বাসিন্দা বীরেন্দ্র সাহা ওই টাকার বৈধ নথি দেখাতে না পারায় তা বাজেয়াপ্ত করা হয়। একই সময়ে সংকোশ নাকা চেকিং পয়েন্টে আরেকটি গাড়ি থেকে ১ লক্ষ ১৪ হাজার ৩০০ টাকা উদ্ধার হয়। কুমারগ্রামের বাসিন্দা বিকাশ সাহাও টাকার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে পুলিশ জানায়।
এরপর সোমবার সকালে ফের সংকোশ নাকা পয়েন্টে অভিযান চালিয়ে অসম থেকে বাংলায় প্রবেশ করা একটি গাড়ি আটক করা হয়। তল্লাশিতে ওই গাড়ি থেকে ১ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা অসমের বাসিন্দা টোটন ভৌমিকও টাকার কোনো বৈধ নথি দেখাতে ব্যর্থ হন।
নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট সীমার বেশি নগদ অর্থ বহনের ক্ষেত্রে যথাযথ নথিপত্র থাকা বাধ্যতামূলক। সেই কারণে তিনটি ঘটনাতেই উদ্ধার হওয়া সমস্ত টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে এই বিপুল নগদ অর্থ কোনো অসাধু উদ্দেশ্যে বা ভোটারদের প্রভাবিত করতে ব্যবহার করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে বক্সিরহাট থানার পুলিশ।
