টেস্ট প্রিপারেটরি সার্ভিসের জাতীয় স্তরের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড (এইএসএল), ভারতীয় সেনার সঙ্গে একটি সমঝোতা স্মারক (মউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মূল উদ্দেশ্য হলো কর্মরত সেনাকর্মী, অবসরপ্রাপ্ত সৈনিক, গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড প্রাপক, বিশেষভাবে সক্ষম সেনাকর্মী এবং কর্তব্যরত অবস্থায় শহীদ হওয়া জওয়ানদের পরিবারের সদস্যদের কল্যাণে শিক্ষামূলক সহায়তা প্রদান।
এই চুক্তিতে ভারতের যেকোনও প্রান্তের এইএসএল কেন্দ্র বা শাখায় ভর্তি হতে ইচ্ছুক ভারতীয় সেনার সন্তানদের বিশেষ সুবিধা দেওয়া হবে। ভারতীয় সেনার পক্ষ থেকে কর্নেল (সেরিমোনিয়াল অ্যান্ড ওয়েলফেয়ার) এবং এইএসএল-এর পক্ষে দিল্লি-এনসিআর-এর চিফ অ্যাকাডেমিক ও বিজনেস হেড ড. যশ পাল এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এই চুক্তিতে বলা হয়েছে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো সেনাকর্মীদের সন্তানদের ক্ষেত্রে আকাশ-এ ভর্তির জন্য কেবল রেজিস্ট্রেশন ফি নেওয়া হবে; বাকি সব ফি (১০০%) মকুব করা হবে। গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড প্রাপ্ত ও ২০%-এর বেশি শারীরিক অক্ষমতা রয়েছে এমন সেনাকর্মীর সন্তানদের জন্য টিউশন ফি-তে ১০০% ছাড় দেওয়া হবে। বর্তমানে কর্মরত এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের সন্তানদের ক্ষেত্রে টিউশন ফি-তে ২০% ছাড় দেওয়া হবে (অন্যান্য স্কলারশিপ বাদ দেওয়ার পর)। এই সুবিধাগুলো এইএসএল-এর সাধারণ স্কলারশিপ প্রোগ্রামগুলোর পাশাপাশি অতিরিক্ত হিসেবে গণ্য হবে।
এইএসএল-এর এমডি এবং সিইও শ্রী চন্দ্রশেখর গারিষা রেড্ডি বলেন, “ভারতীয় সেনার সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের সাহসী সৈনিকদের আত্মত্যাগকে সম্মান জানানোর সুযোগ করে দিয়েছে। আমরা তাঁদের সন্তানদের মানসম্মত শিক্ষা এবং সঠিক দিকনির্দেশনা দিতে চাই। স্কলারশিপের পাশাপাশি মেন্টরিং এবং কাউন্সেলিং-এর ব্যবস্থা করেছি।” উল্লেখ্য, সম্প্রতি আকাশ সিআরপিএফ ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (সিডব্লিউএ)-এর সঙ্গেও এমনই এক চুক্তি স্বাক্ষর করেছে। এর উদ্দেশ্যও ছিল সিআরপিএফ কর্মীদের সন্তানদের শিক্ষাগত সহায়তা ও কেরিয়ার গাইডেন্স দেওয়া।
আকাশ এডুকেশনাল সার্ভিসেস এবং ভারতীয় সেনার মধ্যে চুক্তিস্বাক্ষর
