এআই বিনিয়োগের চাপ, বড় ছাঁটাইয়ের পথে প্রযুক্তি সংস্থা ওরাকল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড পরিকাঠামোয় বড় বিনিয়োগের খরচ সামলাতে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের কথা ভাবছে মার্কিন প্রযুক্তি সংস্থা ওরাকল। ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিনিয়োগ সংস্থা টিডি কাউয়েনের গবেষণা অনুযায়ী, সংস্থাটি ২০ হাজার থেকে ৩০ হাজার কর্মী ছাঁটাই করতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, এআই-ভিত্তিক ডেটা সেন্টার গড়তে ওরাকলকে বিপুল অর্থ খরচ করতে হচ্ছে। উন্নত হার্ডওয়্যার, বিদ্যুৎ এবং বিশেষ পরিকাঠামোর জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগের চাপ বাড়ছে, যা সংস্থার আর্থিক অবস্থার ওপর প্রভাব ফেলছে।
ওরাকল ইতিমধ্যেই বহু বছরের জন্য বড় বড় ক্লাউড পরিষেবা চুক্তিতে যুক্ত হয়েছে। এই চুক্তিগুলি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হলেও, এখনই বড় অঙ্কের খরচ করতে হচ্ছে। সেই চাপ কমাতেই কর্মী সংখ্যা হ্রাসকে দ্রুত সমাধান হিসেবে দেখা হচ্ছে।
যদিও ওরাকল এখনও আনুষ্ঠানিকভাবে ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেনি, তবে এই পদক্ষেপ বাস্তবায়িত হলে এটি প্রযুক্তি দুনিয়ার সাম্প্রতিক প্রবণতার সঙ্গেই মিলবে। অনেক বড় প্রযুক্তি সংস্থাই বর্তমানে কর্মী ছাঁটাই করে এআই পরিকাঠামোয় বিনিয়োগ বাড়াচ্ছে।