স্মার্টফোন জগতে এক নতুন যুগের সূচনা করে এআই+ স্মার্টফোন আজ তাদের বহু প্রতীক্ষিত ‘নোভা সিরিজ’ লঞ্চ করার কথা ঘোষণা করেছে। আগামী ৯ এপ্রিল, ২০২৬ থেকে ফ্লিপকার্ট এবং অন্যান্য ডিস্ট্রিবিউশন চ্যানেলে এই সিরিজের ফ্ল্যাগশিপ মডেল নোভা ২ এবং নোভা ২ আল্ট্রা পাওয়া যাবে। সিরিজের বাকি তিনটি ডিভাইস নোভা ২ প্রো, নোভা ২ নিও এবং নোভা ফ্লিপ পরবর্তী মাসগুলোতে বাজারে আসবে। এই সিরিজের অন্যতম আকর্ষণ নোভা ২ আল্ট্রা, যা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড প্রযুক্তিতে সজ্জিত। এর ব্যাক-প্যানেলের লাইটিং কল, মেসেজ এবং মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তিত হয়, যা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে করে তুলবে আরও ব্যক্তিগত ও আকর্ষণীয়। অন্যদিকে, নোভা ২ মডেলটি তৈরি করা হয়েছে নিরবচ্ছিন্ন গতি, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং মার্জিত ডিজাইনের ওপর ভিত্তি করে।
এআই+ স্মার্টফোনের সিইও এবং নেক্সটকোয়ান্টাম শিফট টেকনোলজিসের প্রতিষ্ঠাতা মাধব শেঠ বলেন, “নোভা সিরিজের মাধ্যমে আমরা স্মার্টফোনের সংজ্ঞাকে আরও বিস্তৃত করছি। কেউ নির্ভরযোগ্য পারফরম্যান্স চান, আবার কেউ নিজের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটাতে চান, আমাদের এই লাইনআপ উভয়ের চাহিদা পূরণ করবে।” ফ্লিপকার্টের মোবাইল বিভাগের ভাইস প্রেসিডেন্ট কাঞ্চন মিশ্র যোগ করেন, “ভারতীয় গ্রাহকরা এখন অনেক বেশি সচেতন। সাশ্রয়ী মূল্যে আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে এআই+ স্মার্টফোনের এই উদ্যোগ প্রশংসনীয়। আমরা ফ্লিপকার্টের মাধ্যমে দেশজুড়ে এই সিরিজ পৌঁছে দিতে উন্মুখ।”
২০২৫ সালের জুলাই মাসে যাত্রার পর থেকে এক বছরেরও কম সময়ে ১০ লক্ষের বেশি ডিভাইস বিক্রি করে এআই+ স্মার্টফোন ইতিমধ্যেই বাজারে নিজেদের অবস্থান শক্ত করেছে।
