প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় অনিয়মের অভিযোগ

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মতো কেন্দ্রের স্বপ্নের প্রকল্পে সরকারি নিয়ম লঙ্ঘনের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের মাঝিগ্রাম এলাকায়।

অভিযোগ, নির্ধারিত পিচের রাস্তার বদলে নিম্নমানের ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই অনিয়মের প্রতিবাদে উত্তর মাঝিগ্রাম, দক্ষিণ মাঝিগ্রাম ও সাতরাই এই তিন গ্রামের কয়েকশো মানুষ একযোগে কাজ বন্ধের ডাক দেয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালঞ্চা থেকে মাঝিগ্রাম হয়ে অযোধ্যা পর্যন্ত প্রায় সাড়ে সাত কিলোমিটার রাস্তা নির্মাণে প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সরকারি নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় এই রাস্তা সম্পূর্ণ পিচের হওয়ার কথা।

কিন্তু অভিযোগ, পুরনো ঢালাই রাস্তার উপরেই আবার নতুন করে ঢালাই চাপিয়ে দায়সারা ভাবে কাজ চালানো হচ্ছে। গ্রামবাসীদের দাবি, নির্মাণ কাজে নিম্নমানের বালি ও সামগ্রী ব্যবহার করা হচ্ছে, যা রাস্তার স্থায়িত্ব নিয়ে বড় প্রশ্ন তুলছে।

স্থানীয় বাসিন্দা হৃদয় বর্মনের অভিযোগ, “পিচের রাস্তার অনুমোদন থাকলেও ঠিকাদার ঢালাই করে খরচ বাঁচানোর চেষ্টা করছে।”

অন্যদিকে, আশা সরকার ও রবীন্দ্রনাথ সরকারের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনও কার্যকর নজরদারি নেই। এলাকাবাসীদের আরও দাবি, বিষয়টি জানানো সত্ত্বেও জেলা পরিষদের পক্ষ থেকে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি।

 যদিও অভিযুক্ত ঠিকাদার সংস্থার পাল্টা দাবি, তারা সরকারি নির্দেশ মেনেই কাজ করছে ও ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।