যুদ্ধের খরচের হিসাব শুরু ট্রাম্প প্রশাসনের, প্রথম দু’দিনেই ৫০ হাজার কোটির অস্ত্র ব্যবহার
পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ পরিস্থিতিতে বিপুল অর্থ ব্যয় করছে আমেরিকা। সংঘর্ষ শুরুর মাত্র ছয় দিনের মধ্যেই আমেরিকার খরচ হয়ে গিয়েছে প্রায় ১১৩০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় এক লক্ষ কোটি টাকারও বেশি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে এমনই তথ্য সামনে এসেছে।
জানা গেছে, গত মঙ্গলবার মার্কিন সেনেটরদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠকে এই প্রাথমিক ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। যদিও সেখানে যুদ্ধের মোট খরচের সম্পূর্ণ বিবরণ দেওয়া হয়নি। গত কয়েক দিন ধরেই যুদ্ধের খরচ নিয়ে মার্কিন প্রশাসনের উপর চাপ বাড়ছিল। সেই পরিস্থিতিতেই এই তথ্য প্রকাশ করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হতে পারে। তাই খুব শীঘ্রই মার্কিন কংগ্রেসের কাছে একটি বিশেষ তহবিল তৈরির আবেদন জানাতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কংগ্রেসের কিছু সদস্যের ধারণা, প্রায় ৫০০০ কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় সাড়ে চার লক্ষ কোটি টাকারও বেশি তহবিলের আবেদন জানানো হতে পারে। তবে অনেকের মতে, এই অঙ্ক আরও বাড়তে পারে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু করে। সেই সংঘর্ষ এখনও চলছে। দেড় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখনও পর্যন্ত প্রায় ২০০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতদের বেশির ভাগই ইরান এবং লেবাননের বাসিন্দা।
রয়টার্স সূত্রে জানা যায়, যুদ্ধ শুরুর প্রথম দু’দিনেই আমেরিকা প্রায় ৫৬০ কোটি ডলারের অস্ত্র ব্যবহার করেছে, যার মূল্য ভারতীয় মুদ্রায় ৫০ হাজার কোটি টাকারও বেশি।
এই যুদ্ধে আমেরিকারও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত ছয় জন মার্কিন সেনার মৃত্যুর কথা নিশ্চিত করেছে হোয়াইট হাউস। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে অন্তত ১৭টি মার্কিন সামরিক ও অসামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সব মিলিয়ে পশ্চিম এশিয়ার এই সংঘর্ষ ক্রমশ দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল যুদ্ধে পরিণত হচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।
ইরাইরান সংঘর্ষে আমেরিকার বিপুল ব্যয়, ছয় দিনেই খরচ ১ লক্ষ কোটির বেশি
