প্রজাতন্ত্র দিবসে মানবসেবার নজির

৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিলিগুড়ি সব্যসাচী সংঘ ও লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ফুটহিলস-এর যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

মানবসেবাকে সামনে রেখে এই শিবিরটি অনুষ্ঠিত হয় চম্পাসারি মোড়ে অবস্থিত শিলিগুড়ি সব্যসাচী সংঘ প্রাঙ্গণে।

শিবিরে স্থানীয় বাসিন্দাদের চোখের বিভিন্ন সমস্যা ও সাধারণ স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষা করা হয়। অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে বিনামূল্যে পরামর্শ দেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বহু মানুষ এই শিবিরে এসে পরিষেবার সুবিধা গ্রহণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রজাতন্ত্র দিবসের তাৎপর্যকে স্মরণ করে সমাজের সর্বস্তরের মানুষের কাছে স্বাস্থ্যসেবাকে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। স্থানীয় মানুষের সহযোগিতায় শিবিরটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।
এই মানবিক উদ্যোগে খুশি অংশগ্রহণকারীরা আয়োজকদের ধন্যবাদ জানান ও ভবিষ্যতেও এ ধরনের শিবিরের দাবি তোলেন।