জ্যাজ সিটির আড়ালে থাকা বিশ্বাস, নতুনত্ব এবং জিমির চরিত্র আলোচনায় আরিফিন শুভ

সত্তরের দশকের কলকাতার নিয়ন আলোয় ঘেরা রাস্তা আর টানটান উত্তেজনার গোয়েন্দাগিরির গল্পের বাইরেও, ‘জ্যাজ সিটি’ আসলে বিপ্লবের পাশাপাশি একে অপরের ওপর বিশ্বাস এবং দারুণ এক সহযোগিতার গল্প বলে। সোনি লিভ-এর আসন্ন এই সিরিজের মূল ভিত্তি হলো প্রধান অভিনেতা আরিফিন শুভ এবং পরিচালক সৌমিক সেনের সৃজনশীল জুটি। সৌমিক সেন আরিফিনকে উৎসাহিত করেছিলেন ‘জিমি’র মতো একটি স্তরে স্তরে সাজানো ও জটিল চরিত্রকে গভীরভাবে অন্বেষণ করতে, পাশাপাশি সেটে ইম্প্রোভাইজেশনের সুযোগ রেখেছিলেন, যা সেই সময়ের মেজাজকে প্রতিফলিত করে এক বাস্তবসম্মত আমেজ যোগ করেছে।

নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে আরিফিন শুভ বলেন, “প্রথম দিন থেকেই সৌমিক দা আমার ওপর সম্পূর্ণ ভরসা করেছিলেন। তিনি এমন এক পরিবেশ তৈরি করেছিলেন যেখানে আমি ইম্প্রোভাইজ করতে পেরেছি, জিমির সহজাত প্রবৃত্তিগুলো অনুসরণ করতে পেরেছি এবং তাকে নিজের মধ্যে ধারণ করতে পেরেছি। একজন অভিনেতা যখন জানেন যে চলচ্চিত্র নির্মাতা তার স্বকীয়তার ওপর ভরসা রাখছেন, তখন পারফরম্যান্স সাধারণ থাকে না তার ওপরে চলে যায়। জিমি চরিত্রটি যতটা না আমার সৃজনশীল স্বাধীনতার ফসল, ততটাই সৌমিক দা’র দূরদর্শী ভাবনার প্রতিফলন।”

সৌমিক সেনের সৃষ্টি, রচনা ও পরিচালনায় এবং স্টুডিও ৯ ও স্টুডিওনেক্সট-এর প্রযোজনায় এই সিরিজে অভিনয় করেছেন আরিফিন শুভ, সৌরসেনী মৈত্র, শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শাতাফ ফিগার, আলেকজান্দ্রা টেলর এবং অমিত সাহা। আগামী ১৯ মার্চ মুক্তি পেতে চলছে জ্যাজ সিটি যা গোয়েন্দাগিরি এবং বিদ্রোহের এক রোমাঞ্চকর যাত্রার প্রতিশ্রুতি দেয়, যার মূল ভিত্তি হলো এমন এক সৃজনশীল মেলবন্ধন যেখানে বিশ্বাস এবং সহজাত প্রবৃত্তি চরিত্রগুলোকে প্রাণবন্ত করে তোলে।