অশোকা ইউনিভার্সিটি তাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘ইয়ং ইন্ডিয়া ফেলোশিপ’ (YIF)-এর ১৬তম ব্যাচের (২০২৬-২৭ শিক্ষাবর্ষ) জন্য আবেদন প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করেছে। ১৫ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ বছরে বিশ্ববিদ্যালয়টি একটি সিদ্ধান্ত নিয়েছে। এইচডিএফসি ব্যাংকের সহযোগিতায় এই ব্যাচের নির্বাচিত প্রত্যেক ফেলোকে তারা আংশিক বা পূর্ণাঙ্গ স্কলারশিপ দেবে। ইন্টারডিসিপ্লিনারি বা উচ্চশিক্ষার প্রসারে অশোকা ইউনিভার্সিটির এই উদ্যোগ এক অনন্য নজির সৃষ্টি করেছে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের এই কোর্সের জন্য আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ মার্চ, ২০২৬। তবে যারা আগে আবেদন করবেন, তাদের জন্য ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ‘প্রায়োরিটি ডেডলাইন’ রাখা হয়েছে। ইঞ্জিনিয়ারিং, কমার্স, সায়েন্স বা আর্টস, যেকোনো বিভাগ থেকে স্নাতক উত্তীর্ণ বা চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীরা এই এক বছরের আবাসিক পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের জন্য আবেদন করতে পারবেন। এই কোর্সের পাঠ্যক্রমে প্রায় ১৮টি ভিন্ন বিষয়ের পড়াশোনার পাশাপাশি বাস্তবধর্মী প্রজেক্ট ও মেন্টরশিপের সুবিধা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমক রায়চৌধুরী জানান, এই ফেলোশিপের যারা পড়েছেন, এরকম অনেক প্রাক্তনী বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এবারের ১০০ জন ফেলোর জন্য ২৫ শতাংশ থেকে শুরু করে ১০০ শতাংশ পর্যন্ত টিউশন ফি, আবাসন ও আহারের খরচ মকুবের ব্যবস্থা রয়েছে। এমনকি ১০ জন মেধাবী শিক্ষার্থী পাবেন সম্মানজনক ‘চ্যান্সেলর স্কলারশিপ’। বয়সের কোনও সীমাবদ্ধতা না থাকায় এবং বিচিত্র পেশাদার অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের সুযোগ দেওয়ায় এই প্রোগ্রামটি ভারতে উচ্চশিক্ষার এক অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিনামূল্যে অনলাইন আবেদন করতে পারবেন।
