শিলিগুড়ির আশ্রমপাড়ায় গ্যাসের দোকানের সামনে দেখা গেল দীর্ঘ লাইন। অভিযোগ, গ্যাস বুকিং করার পরও নির্দিষ্ট সময়ে সিলিন্ডার দেওয়া হচ্ছে না। ফলে চরম সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ।
এই খবর পেয়ে নির্বাচনী প্রচার মাঝপথে ছেড়ে ঘটনাস্থলে পৌঁছে যান শিলিগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দেব। তিনি লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকদের সঙ্গে কথা বলেন ও তাঁদের সমস্যার কথা মন দিয়ে শোনেন।
ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জানান, বারবার বুকিং করেও সময়মতো গ্যাস না পাওয়ায় দৈনন্দিন জীবনে চরম অসুবিধা হচ্ছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরছেন বলে অভিযোগ করেন।
পরিস্থিতি দেখে গৌতম দেব আশ্বাস দেন, আগামী দু’দিনের মধ্যে গ্যাস সরবরাহকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তাতেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে এইচপি গ্যাসের সদর দফতর ঘেরাও করার হুঁশিয়ারি দেন তৃণমূল প্রার্থী।
