শিলিগুড়িতে বড়সড় প্রতারণার শিকার হলেন আসামের বাস যাত্রীরা

ঘটনাটি ঘটেছে শহরের ব্যস্ত তেনজিং নোরগে বাসস্ট্যান্ড-এ, যেখানে মাঝপথেই যাত্রীদের নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বাসচালকের বিরুদ্ধে। জানা গিয়েছে, চলতি মাসের ১ তারিখে বেঙ্গালুরু থেকে ভোট দিতে তেজপুর-এর উদ্দেশ্যে রওনা দেন মোট ২৪ জন যাত্রী। কিন্তু নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়ার পরিবর্তে বাসচালক তাদের শিলিগুড়িতে নামিয়ে দেন। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়, সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি চালক, এমনটাই অভিযোগ যাত্রীদের।

যাত্রীদের দাবি, প্রত্যেকের কাছ থেকে ৬১০০ টাকা করে ভাড়া নেওয়া হলেও, নামিয়ে দেওয়ার পর মাত্র ৭০০ টাকা করে ফেরত দেওয়া হয়। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি চরম হয়রানির শিকার হন তাঁরা। হঠাৎ করে অচেনা শহরে আটকে পড়ে কোথায় যাবেন বা কীভাবে গন্তব্যে পৌঁছবেন, তা নিয়ে দিশেহারা হয়ে পড়েন সকলেই। এই পরিস্থিতিতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সহায়তায় যাত্রীরা পুনরায় অন্য বাসের টিকিট কেটে তেজপুরের উদ্দেশ্যে রওনা দেন।

স্থানীয় বাসিন্দা মুন্না চৌধুরী জানান, বাসচালক ও যাত্রীদের মধ্যে বচসার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছন এবং প্রতারিত যাত্রীদের সাহায্যে হাত বাড়িয়ে দেন। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে প্রধান নগর থানা-র পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনায় যাত্রী নিরাপত্তা ও দূরপাল্লার বাস পরিষেবার উপর প্রশ্ন উঠতে শুরু করেছে।