সারা দেশে পাঁচদিনের ব্যাংকিং ব্যবস্থা চালুর দাবিতে ব্যাংক কর্মীদের সংগঠন এআইবিইউ (AIBEU)-এর ডাকে ডাকা সর্বভারতীয় ধর্মঘটের প্রভাব পড়ল শহরে।
ইসলামপুরের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় তালা ঝুলতে দেখা যায়, যার ফলে চরম ভোগান্তির শিকার হন সাধারণ গ্রাহকরা।
সকালে ব্যাংকে এসে পরিষেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যান বহু মানুষ। কেউ এসেছিলেন টাকা তোলার জন্য, কেউ পেনশন বা জরুরি আর্থিক লেনদেনের কাজে। গ্রাহকদের অভিযোগ, টানা ছুটির পর ব্যাংক খোলার আশা থাকলেও ধর্মঘটের জেরে সেই আশায় জল পড়েছে।
এদিকে ব্যাংক কর্মীরা জানিয়েছেন, গ্রাহকদের অসুবিধার কথা তারা বুঝতে পারছেন ও এজন্য দুঃখিত। তবে তাদের দাবি, সপ্তাহে পাঁচদিন ব্যাংকিং ব্যবস্থা চালু ও কাজের সময়সীমা বাড়ানো হলে দীর্ঘমেয়াদে গ্রাহকরাই উপকৃত হবেন। দাবি আদায়ের লক্ষ্যে এই আন্দোলন বলে জানান তারা।
ব্যাংক কর্মীদের স্পষ্ট বার্তা, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। এই ধর্মঘটের ফলে শহরে আর্থিক লেনদেন ব্যাহত হওয়ায় ব্যবসায়ী মহলেও উদ্বেগ দেখা দিয়েছে।
