বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেডের ফলাফল ঘোষণা

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় পেইন্ট ও কোটিং প্রস্তুতকারক সংস্থা বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫-এ শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করেছে। প্রতিকূল আবহাওয়া এবং উৎসবের মরসুম দীর্ঘ না হওয়া সত্ত্বেও সংস্থাটি পজিটিভ ধারা বজায় রেখেছে। এই ত্রৈমাসিকে কনসলিডেটেড রেভিনিউ ০.৩% বৃদ্ধি পেয়ে ২,৯৮৪ কোটি টাকায় পৌঁছেছে। তবে নিট মুনাফা গত বছরের ২৯৬ কোটি টাকা থেকে ৮.৩% কমে বর্তমানে ২৭১.৩ কোটি টাকা হয়েছে।

অক্টোবর মাসে অতিরিক্ত বৃষ্টির কারণে চাহিদা কিছুটা কম থাকলেও পরবর্তী মাসগুলোতে পরিস্থিতির উন্নতি হয়েছে, যার ফলে ভলিউম গ্রোথ ৮.৫%-এ দাঁড়িয়েছে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও অভিজিৎ রায় জানান যে, কাঁচামালের সঠিক ব্যবস্থাপনার ফলে গত ১৫টি প্রান্তিকের মধ্যে এবারই গ্রস মার্জিন সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। মূলত ওয়াটারপ্রুফিং, কনস্ট্রাকশন কেমিক্যাল এবং উড কোটিংয়ের মতো ক্ষেত্রগুলোতে সংস্থাটি শক্তিশালী প্রবৃদ্ধি দেখিয়েছে। অটোমোটিভ এবং প্রোটেক্টিভ কোটিং বিভাগেও ফলাফল সন্তোষজনক।

সাফল্যের পাশাপাশি কিছু চ্যালেঞ্জের কথাও উল্লেখ করা হয়েছে। নেপালের রাজনৈতিক অস্থিরতা এবং চণ্ডীগড়ে নতুন কারখানার এককালীন খরচের কারণে মুনাফায় কিছুটা প্রভাব পড়েছে। তবে সংস্থার জয়েন্ট ভেঞ্চারগুলো অনেক সাফল্য পেয়েছে। এছাড়া, এনএসই থেকে ইএসজি প্যারামিটারে ৬৪ স্কোর অর্জন করে বার্জার পেইন্টস তাদের দায়িত্বশীলভাবে ব্যবসা পরিচালনার প্রমাণ দিয়েছে।