বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল ভক্তিনগর থানা, গ্রেফতার ৪ দুষ্কৃতী

বড়সড় ডাকাতির ছক কষেছিল একদল দুষ্কৃতী। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে অভিযানে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশের তৎপরতায় ভেস্তে যায় পরিকল্পনা। হাতেনাতে গ্রেফতার করা হয় চারজনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১০ – ১২ জনের একটি দল শিলিগুড়ি সেবক রোডের পিসি মিত্তাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জড়ো হয়েছিল। তাদের লক্ষ্য ছিল ভক্তিনগর এলাকার একটি বড় দোকানে ডাকাতি চালানো। খবর পেয়ে পুলিশ হানা দিলে অভিযুক্তদের মধ্যে ৭ – ৮ জন অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

তবে চারজনকে ঘটনাস্থল থেকেই পাকড়াও করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র সহ একাধিক ডাকাতির সরঞ্জাম। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে যুক্ত। ঘটনায় পুলিশের হাতে ধৃত রাজেন পন্ডিত, দক্ষিণ এক্তেসাল এলাকার বাসিন্দা। মোহাম্মদ বিপুল ইসলাম, বিবেকানন্দ পল্লীর বাসিন্দা। ভাষা রাজবংশী ওরফে নেদু, আদর্শ পল্লীর বাসিন্দা ও অরুণ ছেত্রী, শালুগাড়া বাজার এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত প্রত্যেকের বিরুদ্ধেই শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকার বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। পলাতকদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ধৃতদের এদিন জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।