মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। নির্বাচনী প্রস্তুতিতে গতি আনল বিজেপি। দলের রাজ্য দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে ১১ সদস্যের সঙ্কল্পপত্র কমিটি ঘোষণা করল রাজ্য বিজেপি।
এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া উত্তর কলকাতার প্রবীণ নেতা তাপস রায়কে। বিজেপির ঘোষিত এই কমিটিতে একাধিক গুরুত্বপূর্ণ নেতাকে রাখা হয়েছে। কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বিধায়ক অশোক লাহিড়ী। সহ-আহ্বায়ক করা হয়েছে বিধায়ক অগ্নিমিত্রা পালকে।
এছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন সাংসদ মনোজ টিগ্গা, চিত্তরঞ্জন মণ্ডল, স্বপন দাশগুপ্ত, শিশির বাজোরিয়া, অমলকান্তি রায়, বৈশালী ডালমিয়া, অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং আইনজীবী দেবজিৎ সরকার। উল্লেখযোগ্যভাবে, তৃণমূল থেকে আসা তাপস রায়কে সঙ্কল্পপত্র কমিটির চেয়ারম্যান করায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
