বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই চড়ছে প্রচারের পারদ। শহর থেকে গ্রাম সব জায়গাতেই এখন নির্বাচনী আবহ স্পষ্ট। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকছেন জনসংযোগে, দোরে দোরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন ও নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরছেন।
চম্পাসারি, নকশালবাড়ি, মাটিগাড়া-সহ বিস্তীর্ণ এলাকায় দেখা যাচ্ছে প্রচারের জোরদার চিত্র। কোথাও মিছিল, কোথাও পথসভা, আবার কোথাও ছোট ছোট বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। প্রার্থীরা স্থানীয় সমস্যা, রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, কর্মসংস্থান ও শিক্ষা এই সব ইস্যুকেই প্রচারের মূল হাতিয়ার হিসেবে তুলে ধরছেন।
বিশেষ করে গ্রামীণ ও চা বাগান এলাকায় প্রচারের আলাদা গুরুত্ব লক্ষ্য করা যাচ্ছে। চা শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন দলের নেতারা। এদিন সেই লক্ষ্যেই অন্যান্য জায়গার পাশাপাশি মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চম্পাসারি অঞ্চলের মোহরগাঁও চা বাগানের নির্বাচনী প্রচার করেন বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন।
