২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে বিজেপির পরামর্শ বৈঠক

আসন্ন ২০২৬ সালের বঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির ‘সংকল্প পত্র’ (ইশতেহার) প্রণয়নের উদ্দেশ্যে শিলিগুড়িতে এক উচ্চপর্যায়ের পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হল।

বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা সহ দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স এলাকার বিভিন্ন সমাজের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই বৈঠকে প্রায় ২০০ জন বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন যুব সংগঠনের সদস্য, সামাজিক সংস্থা ও এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবী, বুদ্ধিজীবী ও ক্রীড়াবিদরা। তাঁরা বিজেপির আসন্ন সংকল্প পত্রে অন্তর্ভুক্তির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

বৈঠকে কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পোন্নয়ন, এমএসএমই ও স্টার্টআপের প্রসার, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করা, নারী ও যুব ক্ষমতায়ন, ক্রীড়া উন্নয়ন ও আধুনিক অবকাঠামো গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি দুর্নীতিমুক্ত, হিংসামুক্ত ও চাঁদাবাজিমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার অঙ্গীকারের কথাও উঠে আসে অংশগ্রহণকারীদের বক্তব্যে।

বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের মতামত ও বাস্তব সমস্যাকে অগ্রাধিকার দিয়েই এই সংকল্প পত্র তৈরি করা হবে, যাতে রাজ্যের বিভিন্ন প্রান্তের চাহিদা সঠিকভাবে প্রতিফলিত হয়।

উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়েছে বলেও বৈঠকে মত প্রকাশ করেন একাধিক বক্তা।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতা স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গাঙ্গুলি, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু -সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা।