পরিবর্তন যাত্রার রথে চড়ে প্রচারে বিজেপি নেতৃত্ব

পুজো ও প্রার্থনার মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে শুরু হল পরিবর্তন যাত্রার রথ।

 বৃহস্পতিবার ইসলামপুরের জোড়া বটতলা শিব ও কালী মন্দিরে পুজো অর্চনা করে এই রথযাত্রার সূচনা করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

পুজো দেওয়ার পর তাঁরা পরিবর্তন যাত্রার রথে আরোহণ করেন ও সাধারণ মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান।

জানা গিয়েছে, মালদা বিভাগের এই পরিবর্তন যাত্রার রথ ইসলামপুর থেকে যাত্রা শুরু করে গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, রায়গঞ্জ ও বালুরঘাট হয়ে শেষ পর্যন্ত মালদায় পৌঁছাবে।

পথে বিভিন্ন এলাকায় জনসংযোগ ও সভার আয়োজন করা হবে বলেও দলীয় সূত্রে খবর।

এদিন রথযাত্রা ঘিরে এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ভিড় লক্ষ্য করা যায়।