৯ রুট ঘুরে আজ কলকাতায় শেষ হচ্ছে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’

রাজ্যে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে গত ১ মার্চ থেকে শুরু হওয়া বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র আজ অন্তিম দিন। রাজ্যের মোট ৯টি গুরুত্বপূর্ণ রুটে এই কর্মসূচি পালিত হচ্ছে।

শিলিগুড়ি, মালদা, নবদ্বীপ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া-হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া এবং বর্ধমান এই ৯টি অঞ্চল থেকে শুরু হওয়া যাত্রাগুলি প্রায় ৫০০০ কিলোমিটার পথ অতিক্রম করে আজ কলকাতায় এসে পৌঁছাবে।

প্রতিটি রুটেই কেন্দ্রীয় ও রাজ্যস্তরের প্রথম সারির নেতারা জনসভা ও মিছিলে অংশ নিচ্ছেন। আজকের কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, নিশীথ প্রামাণিক ছাড়াও শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায়ের মতো একাধিক হেভিওয়েট নেতা বিভিন্ন জনসভায় নেতৃত্ব দিচ্ছেন।

শিলিগুড়ির ফাঁসিদেওয়া থেকে শুরু করে দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠ পর্যন্ত বিস্তৃত এই কর্মসূচির মাধ্যমে রাজ্যজুড়ে শেষ মুহূর্তের জনসংযোগ সারছে গেরুয়া শিবির। দলের লক্ষ্য, তৃণমূল স্তরের কর্মীদের চাঙ্গা করে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা।

এই দীর্ঘ পরিবর্তন যাত্রার পরিক্রমা আগামী ১৪ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বিশাল জনসভার মাধ্যমে সমাপ্ত হবে। ওই দিন ব্রিগেডের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

পাঁচ বছর পর ফের ব্রিগেডের মঞ্চ থেকে তিনি বাংলার মানুষের উদ্দেশে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এদিকে ব্রিগেড সমাবেশকে সফল করতে রাজ্যজুড়ে প্রস্তুতি শুরু করেছে বিজেপি নেতৃত্ব।

‘পায়ে পায়ে উড়িয়ে ধুলো, ১৪ তারিখ ব্রিগেড চলো’ এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন জেলায় দেওয়াল লিখন কর্মসূচি নেওয়া হয়েছে। বুধবার সকালে পুরাতন মালদার সাহাপুর তাতিপাড়া এলাকায় উত্তর মালদা বিজেপির সাংগঠনিক নেতৃত্বদের উদ্যোগে দেওয়াল লিখন করা হয়। উপস্থিত ছিলেন উত্তর মালদা বিজেপি সভাপতি প্রতাপ সিং সহ একাধিক দলীয় নেতা ও কর্মী।