সিউড়ি জেলা আদালতে ফের বোমাতঙ্ক! বার কাউন্সিলের ভোটের মধ্যেই মেল মারফত হুমকি, খালি করা হলো চত্বর

আবারও বোমাতঙ্কে উত্তপ্ত হয়ে উঠল সিউড়ি জেলা আদালত। সোমবার সিউড়ি বার কাউন্সিলের নির্বাচনের মধ্যেই আদালত চত্বরে বোমা রাখা হয়েছে বলে একটি হুমকি মেল ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই নিয়ে গত কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বার একই ধরণের ইমেল পাওয়ায় আদালত জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আদালত সূত্রে জানা গেছে, এদিন সরাসরি জেলা বিচারকের কাছে একটি ইমেল আসে, যেখানে দাবি করা হয় আদালতের ভেতরে বোমা রাখা আছে। সেই সময় বার কাউন্সিলের ভোট গ্রহণ চলায় চত্বরে প্রচুর আইনজীবী ও সাধারণ মানুষের ভিড় ছিল।

ইমেলটি পাওয়ার পরেই দ্রুত প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়। নিরাপত্তার খাতিরে বিচারক, আইনজীবী এবং বিচারপ্রার্থীদের আদালত চত্বর থেকে সরিয়ে নিয়ে এলাকাটি খালি করে দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশাল বাহিনী এবং বোম স্কোয়াড। আদালতের প্রতিটি কক্ষ, এজলাস এবং বার কাউন্সিল ভবন-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিবিড় তল্লাশি চালানো শুরু হয়েছে। সরকারি আইনজীবী মলয় মুখার্জী জানান, “এই ধরণের ইমেল পাওয়ার পরেই প্রশাসন গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই, তবে সব ধরণের সতর্কতা নেওয়া হচ্ছে।”

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, এই বোমাতঙ্কের নেপথ্যে ‘জামাত’ যোগ থাকতে পারে। বার বার কেন সিউড়ি আদালতকেই নিশানা করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। বার বার বোমাতঙ্কের কারণে একদিকে যেমন আইনজীবী ও সাধারণ মানুষ নিরাপত্তার অভাব বোধ করছেন, তেমনি ব্যাহত হচ্ছে বিচার প্রক্রিয়া। একের পর এক মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় বিচারপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।