সীমান্তে পড়ুয়াদের পাশে বিএসএফ: সোনাপাড়া বিওপিতে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

সীমান্তবর্তী এলাকার পড়ুয়াদের ডিজিটাল শিক্ষা ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল বিএসএফ।  বিএসএফের ১২৩ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে ভারত – বাংলাদেশ সীমান্তের দক্ষিণ দিনাজপুর জেলার সোনাপাড়া বিওপিতে বৃহস্পতিবার একটি বিনামূল্যের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। এই কেন্দ্রের উদ্বোধন করেন বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি দীনেশ কুমার।

উপস্থিত ছিলেন ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার গুরমিত সিং, স্থানীয় পঞ্চায়েত সদস্য ও এলাকার বাসিন্দারা। বিএসএফ সূত্রে জানা গেছে, সোনাপাড়া বিওপিতে গড়ে ওঠা এই কম্পিউটার সেন্টারে সীমান্ত এলাকার স্কুলগুলির পড়ুয়ারা সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্রও তুলে দেওয়া হবে, যা ভবিষ্যতে তাদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে সহায়ক হবে।

শুধু কম্পিউটার শিক্ষাই নয়, পড়ুয়াদের সার্বিক বিকাশের লক্ষ্যে খেলাধুলার উপরও বিশেষ জোর দেওয়া হয়েছে। এদিন এলাকার ছেলে – মেয়েদের মধ্যে ফুটবল, ক্রিকেট, ভলিবল সহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। বিএসএফ আধিকারিকরা জানান, সীমান্তবর্তী অঞ্চলের শিশু- কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে এমন উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে।