বাঙালির হেঁশেলে প্রায় দিনই রান্না হয় রুই-কাতলা। ঝোল, ঝাল, কালিয়া, কোর্মা রকমারি পদেও একঘেয়েমি আসতে পারে। তাই রোজকার রান্নায় স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন কাতলা মরিচের ঝাল। মিশুক মরিচের স্বাদ এবং গন্ধে ভরপুর এই রান্না গরম গরম ভাতের সঙ্গে জমবে ভালো। রইল রেসিপি।
কী কী লাগবে:
কাতলা মাছ ৫ টুকরো
হলুদগুঁড়ো ১ চা চামচ
লঙ্কাগুঁড়ো ১ চা চামচ
কাঁচামরিচ ৪টি
গোটা গোলমরিচ ১ টেবিল চামচ
কালোজিরেবাটা ১ টেবিল চামচ
ফেটানো টক দই আধ কাপ
১টি লেবুর রস
৭-৮ কোয়া রসুন
স্বাদমতো নুন, চিনি
পরিমাণ মতো সর্ষের তেল
কীভাবে বানাবেন:
প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো ও লেবুর রস দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিন। এদিকে মিক্সারে কাঁচালঙ্কা, রসুন, কালোজিরে এবং গোটা গোলমরিচ একসঙ্গে বেটে ফেলুন। কড়াইয়ে তেল গরম করে মাখানো মাছগুলো হালকা ভেজে নিন। একই তেলে আবার কিছু গোটা গোলমরিচ ফোঁড়ন দিয়ে বাটা মশলা মিশিয়ে ভালো করে কষতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে ফেটানো টক দই মিশিয়ে নিন। যোগ করুন স্বাদমতো নুন ও চিনি। এবার ভাজা মাছগুলো ঝোলে ছেড়ে দিয়ে ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে আঁচ কমিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু কাতলা মরিচের ঝাল।
