হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত শান্তিপুর গ্রামে একটি যাত্রীবোঝাই বাসের সঙ্গে ওষুধ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে একটি যাত্রীবোঝাই বাস হলদিয়ার দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে অর্থাৎ মেচেদার অভিমুখে আসছিল একটি ওষুধ বোঝাই ট্রাক।
শান্তিপুর গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা ৫ জন যাত্রী কমবেশি জখম হয়েছেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত তাঁদের উদ্ধার করে মেচেদার একটি বেসরকারি নার্সিংহোমে (পপুলার নার্সিংহোম) ভর্তির ব্যবস্থা করে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ।
দুর্ঘটনাগ্রস্ত বাস ও ট্রাকটিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসের চালক দাবি করেছেন যে, চলন্ত অবস্থায় হঠাৎই বাসের স্টিয়ারিং কেটে যাওয়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে এই বিপত্তি। দুর্ঘটনার জেরে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। তবে পুলিশি তৎপরতায় দ্রুত ক্রেন এনে গাড়ি দুটিকে রাস্তা থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
