৯৫ বছরের আসামির জন্য রাস্তায় বসল সিবিআই আদালত, জরিমানা করে নিষ্পত্তি ১৫ বছরের পুরনো ব্যাঙ্ক জালিয়াতি মামলা

এক নজিরবিহীন ঘটনায় পটনার বিশেষ সিবিআই আদালত ৯৫ বছরের এক শয্যাশায়ী আসামির জন্য আদালতকক্ষের বাইরে, গাড়ির মধ্যেই শুনানির আয়োজন করে রায় ঘোষণা করল। ১৫ বছরের পুরনো ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্ত জয়নারায়ণ সিংহকে দোষী সাব্যস্ত করে ২০০০ টাকা জরিমানা করে মামলার নিষ্পত্তি করা হয়।
মামলাটি ওঠে পটনার বিশেষ সিবিআই আদালতে, বিশেষ বিচারক অবিনাশ কুমার-এর এজলাসে। শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ ও শয্যাশায়ী হওয়ায় জয়নারায়ণ আদালতকক্ষে যেতে পারেননি। তাঁকে একটি গাড়িতে করে আদালত চত্বরে আনা হলেও তাঁর অবস্থা বিবেচনা করে বিচারক নিজেই বাইরে গিয়ে শুনানির ব্যবস্থা করেন। প্রায় ৩৫ মিনিট ধরে চলে শুনানি।
জানা যায়, ১৫ বছর আগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভুয়ো তথ্য জমা দিয়ে প্রায় চার লক্ষ টাকা ঋণ নিয়ে ট্র্যাক্টর কেনার অভিযোগ ছিল জয়নারায়ণের বিরুদ্ধে। ২০১১ সালে Central Bureau of Investigation (সিবিআই) মামলাটি দায়ের করে।
সোমবার শুনানির সময় অভিযুক্ত নিজেই দোষ স্বীকার করেন এবং দ্রুত বিচারের আবেদন জানান। বিচারক তাঁর বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে কারাদণ্ড না দিয়ে শুধু অর্থদণ্ডে মামলাটি মীমাংসা করেন।
এই ঘটনা একদিকে যেমন আইনি প্রক্রিয়ার মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তেমনই দীর্ঘদিন ঝুলে থাকা মামলার দ্রুত নিষ্পত্তিরও নজির ।