সমাজের পিছিয়ে পড়া অংশের কন্যাশিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এক বিশেষ টিকাকরণ কর্মসূচি হলো কলকাতায়। গারিয়ার আরবিএল হাসপাতালের চিকিৎসক ডা. অনিন্দ্য ব্যানার্জি ও ডা. সায়ন্তন ব্যানার্জির তত্ত্বাবধানে এই কর্মসূচি হয়। ‘গৌরী’ (G.A.U.R.I. – Generating Awareness on Underprivileged Girls’ Right to Immunization) প্রকল্পের অধীনে এই মহৎ উদ্যোগটি গ্রহণ করেছে নোভো মেডি সায়েন্সেস প্রাইভেট লিমিটেড। বিশেষ সহযোগিতা করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘ক্রাই’ (CRY)। ভারতে অনেক জরুরি প্রতিষেধক থাকলেও চিকেনপক্সের টিকা এখনও সরকারি সার্বিক টিকাকরণ কর্মসূচির (ইউআইপি) অন্তর্ভুক্ত নয়। ফলে নিম্নবিত্ত ও গ্রামীণ এলাকার শিশুরা এই সুরক্ষা থেকে বঞ্চিত থেকে যায়। এই অভাব পূরণ করতেই ‘গৌরী’ প্রকল্পের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে। চিকেনপক্স অত্যন্ত সংক্রামক একটি রোগ, যা থেকে পরবর্তীকালে শরীরে নানা জটিলতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ভবিষ্যতে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই টিকা নেওয়া অত্যন্ত জরুরী।
আরবিএল হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. অরিন্দম ব্যানার্জি বলেন, “চিকেনপক্স প্রতিরোধযোগ্য হলেও সচেতনতার অভাবে অনেক সুবিধাবঞ্চিত শিশু টিকা পায় না। প্রতিটি শিশুর সুস্থভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে এই ধরণের উদ্যোগ অত্যন্ত জরুরি।” চিকিৎসক সায়ন্তন ব্যানার্জিও সহমত পোষণ করে জানান যে, এই কর্মসূচির মাধ্যমে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
এই টিকাকরণ অভিযানে আধুনিক ‘নেক্সিপক্স প্লাস’ (Nexipox Plus®) ভ্যাকসিন ব্যবহার করা হয়েছে। সাধারণ মানুষকে এই সচেতনতা অভিযানে সামিল করতে একটি ‘মিসড কল’ উদ্যোগও চালু করা হয়েছে। কোনও শিশু যেন সুরক্ষার বাইরে না থাকে, সেটাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
