শক্তিশালী কার্গো ড্রোনের নির্মাণ চিনের

এক অত্যাধুনিক কার্গো ড্রোনের সফল পরীক্ষা চালাল চিন। মঙ্গলবার হেনান প্রদেশের ঝেংঝু বিমানবন্দরে এই ড্রোনটির পরীক্ষামূলক উড়ান সম্পন্ন হয়। ‘উড়ন্ত ট্রাক’ নামে পরিচিত এই ড্রোনটির আসল নাম চাংইং-৮।

চিনের প্রতিরক্ষা উৎপাদন সংস্থা নরিনকো এই ড্রোনটি তৈরি করেছে। প্রায় সাড়ে তিনশো কেজি ওজনের এই ড্রোনটির দৈর্ঘ্য ১৭ মিটার। বিশেষভাবে দুর্গম ও পাহাড়ি এলাকায় দ্রুত সামরিক সরঞ্জাম পৌঁছে দেওয়ার জন্য এটি তৈরি করা হয়েছে।

এই ড্রোনটি সব ধরনের আবহাওয়ায় কাজ করতে সক্ষম। সামনে ও পিছনে বড় দরজা থাকায় দ্রুত পণ্য ওঠানামা করানো যায়। এতে রয়েছে দুটি টার্বোপ্রপ ইঞ্জিন, যার ফলে স্বল্প দৈর্ঘ্যের রানওয়ে থেকেও সহজে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। এমনকি প্রয়োজন হলে সীমিত জায়গাতেও নিরাপদে নামতে সক্ষম।

বিশেষজ্ঞদের মতে, সামরিক অভিযানের পাশাপাশি উদ্ধারকাজ, জরুরি যোগাযোগ, আবহাওয়া গবেষণা এবং দুর্গম অঞ্চলে ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এই ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ইতিমধ্যেই এই প্রযুক্তিকে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানোর পরিকল্পনা শুরু করেছে বেজিং প্রশাসন।