পারিজাতের জন্মজয়ন্তীতে শিলিগুড়িতে বর্ণাঢ্য পদযাত্রা

নেপালি সাহিত্যের প্রবাদপ্রতিম কবি ও সাহিত্যিক পারিজাত (বিষ্ণু কুমারী বাইবা)-এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শহরে বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে শিলিগুড়ি পারিজাত জয়ন্তী সমারোহ সমিতি ও শিলিগুড়ি পুর নিগম।

সকালে পায়েল সিনেমা হল মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ভক্তিনগর চেকপোস্ট সংলগ্ন পারিজাত চকে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেপালি সম্প্রদায়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ঐতিহ্যবাহী পোশাক ও বাদ্যযন্ত্র সহ অংশগ্রহণ করে।

সমিতির সম্পাদক রাজেশ ছেত্রী জানান, ২০২০ সাল থেকে তাদের সংস্থা পারিজাতের আদর্শ ছড়িয়ে দিতে কাজ করছে। তিনি উল্লেখ করেন, পারিজাতের বিখ্যাত সাহিত্যকর্ম ‘ব্লু মিমোসা’ (শিরীষকো ফুল) আমেরিকার মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়েও পড়ানো হয়, যা স্থানীয়দের গর্বের বিষয়।

শোভাযাত্রাটি পারিজাত মোড়ে পৌঁছালে সেখানে অবস্থিত মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মেয়র গৌতম দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেয়র গৌতম দেব জানান, পারিজাত শুধুমাত্র একজন সাহিত্যিক ছিলেন না, তিনি সামাজিক আন্দোলনের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর স্মৃতি রক্ষার্থে শিলিগুড়ি পৌরনিগম সর্বদা সচেষ্ট।

বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পারিজাত চকে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক ও সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।