পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের বিশেষ কাজ (SIR) শুরু হওয়ার আগেই বড়সড় বাধার মুখে পড়ল রাজ্য প্রশাসন। রাজ্য সরকারের পাঠানো ৮,৫০৫ জন গ্রুপ ‘বি’ অফিসারের তালিকায় অসংগতির অভিযোগ তুলে তা ফেরত পাঠিয়েছে ভারতের নির্বাচন কমিশন। কমিশনের দাবি, তালিকায় আধিকারিকদের পদমর্যাদা বা নির্ধারিত বেতনস্তর (Pay Level) পরিষ্কার নয়, যা ছাড়া তাঁদের এআইআরও (AERO) পদে নিয়োগ করা অসম্ভব। এর ফলে সুপ্রিম কোর্টে রাজ্যের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অন্যদিকে, নবান্ন এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২০ সালের অর্থ দপ্তরের নির্দিষ্ট নির্দেশিকা মেনেই এই তালিকা তৈরি করা হয়েছে। সরকারি স্তরে কোনো তথ্য বিকৃতি ঘটানো হয়নি। কমিশনের এই কড়া পদক্ষেপের পর এখন গোটা বিষয়টি পুনরায় সুপ্রিম কোর্টের বিচারাধীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যা এসআইআর প্রক্রিয়াকে আরও দীর্ঘায়িত করতে পারে।
