আন্ডারপাসের দাবিতে রেল দপ্তরে স্মারকলিপি প্রদান কংগ্রেসের

দীর্ঘদিনের যানজট ও দুর্ভোগের অভিযোগ তুলে রেল কর্তৃপক্ষের দ্বারস্থ হল কংগ্রেস। রেলের আন্ডারপাস নির্মাণ সহ একাধিক দাবিতে মঙ্গলবার বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করল ডাবগ্রাম-ফুলবাড়ি কংগ্রেস কমিটি।

শহর শিলিগুড়ি-র বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আন্ডারপাস না থাকায় নিত্যদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে শিলিগুড়ির বাগরাকোট ও ঠাকুরনগর এলাকায় রেললাইনের কারণে যান চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, বারবার আশ্বাস মিললেও এখনও পর্যন্ত সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি।

এই পরিস্থিতিতে মঙ্গলবার নিউ জলপাইগুড়ি রেলস্টেশন-এর এডিআরএম (ADRM) অফিসের সামনে বিক্ষোভে সামিল হন কংগ্রেস কর্মী-সমর্থকেরা। পরে রেল আধিকারিকের হাতে সম্মিলিতভাবে স্মারকলিপি তুলে দেওয়া হয়।

কংগ্রেস নেতৃত্বের দাবি, অবিলম্বে সংশ্লিষ্ট এলাকাগুলিতে আন্ডারপাস নির্মাণ করতে হবে।

অন্যদিকে, রেল বাজেটে শিলিগুড়িতে ‘বুলেট ট্রেন’ চালুর সম্ভাবনার কথা তুলে বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বলেও অভিযোগ কংগ্রেসের। যদিও কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, বাস্তবে এমন কোনও প্রকল্পের পরিকল্পনাই নেই।

ডাবগ্রাম-ফুলবাড়ি কংগ্রেস কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।