ভোটার তালিকা নিয়ে বি*তর্ক, অনির্দিষ্টকালের অবস্থান বি*ক্ষোভে কংগ্রেস

ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে জেলাজুড়ে রাজনৈতিক উত্তাপের মাঝে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ শুরু করল মালদা জেলা কংগ্রেস।

অ্যাডজুডিকেশন তালিকায় থাকা বিপুল সংখ্যক ভোটারের নাম পুনর্বহাল ও প্রকৃত ভোটারদের নাম বাদ না দেওয়ার দাবিতে বৃহস্পতিবার থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার মালদা টাউনহল সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে মৌসম নূরের নেতৃত্বে মালদা জেলা কংগ্রেসের নেতা-কর্মীরা অবস্থান বিক্ষোভে সামিল হন।

কংগ্রেসের দাবি, জেলায় অ্যাডজুডিকেশন তালিকায় থাকা ৮ লক্ষ ২৮ হাজার ৮০ জন ভোটারকে পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে ও কোনও প্রকৃত ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না।

জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত নতুন ভোটার তালিকা অনুযায়ী মালদা জেলায় মোট ভোটার সংখ্যা ২৯ লক্ষ ৮৬ হাজার ২০৩ জন। তবে সদ্য প্রকাশিত তালিকা থেকে ২ লক্ষ ২০ হাজার ১৫৩ জন ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে খসড়া তালিকায় বাদ পড়েছিল ২ লক্ষ ১ হাজার ৮৭৩ জন, আর নতুন করে বাদ গেছে আরও ১৮ হাজার ২৮০ জনের নাম।

এছাড়াও জেলায় প্রায় ১০ লক্ষ ৩ হাজার ভোটার শুনানির নোটিশ পেয়েছিলো, যার মধ্যে প্রায় সাড়ে ৬ হাজার ভোটার শুনানিতে অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এদিন মৌসম নূর জানান, দুই দফা দাবিকে সামনে রেখে এই অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি অভিযোগ করে বলেন, দলের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলমের নামও অ্যাডজুডিকেশন তালিকায় উঠে এসেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

এমন ঘটনা আরও অনেকের ক্ষেত্রেই ঘটেছে বলে দাবি করেন তিনি।

কংগ্রেস নেতৃত্বের দাবি, প্রকৃত ভোটারদের অধিকার রক্ষায় এই আন্দোলন চলবে ও প্রয়োজনে আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে।